সিলেটের উপশহর এলাকায় বোরকা পরা এক তরুণীর কোমরে লোহার শিকল বেঁধে সড়কে ঘোরানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী বলে জানা গেছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, চুরির অপবাদ দিয়ে ওই তরুণীকে হেনস্থা করা হয়, যা প্রথমে পুলিশের নজরে ছিল না। সোমবার ঘটনার দিনই তরুণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও তখন কোনো মামলা দায়ের করা হয়নি। পরবর্তী সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে পিতার জিম্মায় জামিন দেন। এ ঘটনায় বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কাঁদতে কাঁদতে এবং বারবার চোখ মুছতে মুছতে এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছেন ওই তরুণী, আর তার কোমরে জড়ানো রয়েছে লোহার শিকল। অমানবিক এই দৃশ্যটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আপনার মতামত দিন