চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির মাত্র ১০মিনিটের মধ্যেই তা উদ্ধার করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় মো. সোহেল রানা নামের এক যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর মহিলা ওয়ার্ডে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মোছা. তানভীর নূর নুপুর তাঁর অসুস্থ সন্তানকে হাসপাতালে ভর্তি করেছিলেন। রাতে তাঁর মোবাইল ফোনটি চার্জে লাগানো থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে তিনি দেখেন ফোনটি চুরি হয়ে গেছে। পাশের বেডের এক রোগীর স্বজনের কাছ থেকে চোরের হুুলিয়া জেনে তাৎক্ষণিকভাবে বিষয়টি হাসপাতালের আনসার সদস্যদের জানান তিনি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আনসার সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। মাত্র ১০ মিনিটের মধ্যে সোহেল রানাকে আটক করে তাঁর কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয় এবং পরে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনসার দলের এপিসি আবুল কালাম আজাদ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে অভিযুক্তকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জুম মিটিংয়ে ব্যস্ত থাকার অজুহাতে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আপনার মতামত দিন