ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া সংলগ্ন মধুমতি নদীর তীব্র ভাঙন থেকে জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, নদীর অব্যাহত ভাঙনে চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহেরা দাখিল মাদরাসা, মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, এতিমখানা এবং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য বসতভিটা ও ফসলি জমি বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়াসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

আপনার মতামত দিন