জয় দিয়েই জুনিয়র হকি এশিয়া কাপের এবারের মিশন সফলভাবে শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণাত্মক খেলা উপহার দিলেও প্রথমার্ধে ফিনিশিংয়ের অভাবে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর তৃতীয় কোয়ার্টারে ডেডলক ভাঙে বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক শটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন অধিনায়ক সারিকা রিমন। এরপর ম্যাচের চতুর্থ কোয়ার্টারে চমৎকার একটি ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার।
ম্যাচের শেষ মুহূর্তে ৫৯তম মিনিটে মালয়েশিয়া একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের দৃঢ় রক্ষণভাগের কল্যাণে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মেয়েরা।
এর আগে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে উঠলেও শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। এর ফলে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হলেও আশার আলো এখনও পুরোপুরি নিভে যায়নি। স্বাগতিক দেশ হিসেবে ভারত যদি সরাসরি বিশ্বকাপের টিকিট পায়, তবে এশিয়ান কোটা থেকে টুর্নামেন্টের পঞ্চম স্থান অর্জনকারী দল হিসেবে বাংলাদেশও বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেতে পারে।

আপনার মতামত দিন