ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে পাত্তাই দিল না ভারত। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার বিধ্বংসী ব্যাটিংয়ের পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ২০২৬ নারী এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারতীয় নারীরা। এর মাধ্যমে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপের ট্রফি ঘরে তুলল তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হন শেফালি ও মান্ধানা। উদ্বোধনী জুটিতে মাত্র ১২ দশমিক ৫ ওভারে ১২৯ রান যোগ করেন এই জুটি, যা নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। মাত্র ২৪ বলে ক্যারিয়ারের ২১তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন শেফালি, যা নারী এশিয়া কাপের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত শেফালি ৩৯ বলে ৬৮ এবং মান্ধানা ৩৯ বলে ৫৯ রান করেন। এছাড়া রিচা ঘোষের ১৭ ও শেষ দিকে গুনালান কামালিনির ঝোড়ো ১৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রানের পাহাড়সম সংগ্রহ পায় ভারত। টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
১৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই ব্যক্তিগত ৪ রান করে ফেরেন ওপেনার ইমিশা দুলানি। এরপর বিশমি গুনারত্নে ও অধিনায়ক চামারি আতাপাত্তু ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ৩২ বলে ৩৬ রান করে আতাপাত্তু ফেরার পর খাদের কিনারায় পড়ে লঙ্কানরা। একই ওভারে ২২ বলে ২০ রান করা গুনারত্নেও সাজঘরে ফেরেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে পথ হারিয়ে ফেলা শ্রীলঙ্কা ২০ ওভারে ১১১ রানে অলআউট হয়। ভারতের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন শ্রী চরণী; তিনি ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া দীপ্তি শর্মা ১৯ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। বড় জয় তুলে নিয়ে শিরোপা উৎসব করে ভারতীয় দল।

আপনার মতামত দিন