বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায় সমাপ্ত বলে নিশ্চিত করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সিএনএন এস্পোর্তেসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারের মতো অনন্য প্রতিভার কোনো বিকল্প পাওয়া সম্পূর্ণ অসম্ভব।
আনচেলত্তি বলেন, “তার অসাধারণ মানের কারণেই বিশ্বকাপে তার থাকাটা প্রাপ্য ছিল। তবে নেইমার ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের বিকল্প নেই, কারণ সে এক অনন্য প্রতিভা।”
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এই ম্যাচগুলোকে সামনে রেখে অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে দল পুনর্গঠনে হাত দিয়েছেন কোচ। ২০৩০ বিশ্বকাপের মধ্যে সেলেসাওদের বিশ্ব ফুটবলের চূড়ায় ফেরাতে একটি নতুন প্রজন্ম গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। ঘোষিত নতুন স্কোয়াডে কাজেমিরো, ফাবিনিয়ো ও আলিসনের মতো অভিজ্ঞদের জায়গা হয়নি, তবে ফিরেছেন জোয়াও পেদ্রো।
তরুণদের প্রাধান্য দেওয়ার বিষয়ে আনচেলত্তি আরও জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখে ২০০৪, ২০০৫ ও ২০০৬ এবং এমনকি ২০০৮ সালে জন্ম নেওয়া সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের দিকেই এখন মনোযোগ দেওয়ার সময়। বয়স ও তাদের সামর্থ্যকে সম্মান জানিয়ে এখনই নতুনদের সুযোগ দেওয়ার ওপর জোর দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের পরেই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান নেইমার। হাঁটুর চোটের কারণে ২০২৬ সালের আসরে তাঁর খেলা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত কেবল দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ১৩০ ম্যাচে রেকর্ড ৮০ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার। এ ছাড়া পেলে ও নেইমার—এই দুজনেই কেবল ব্রাজিলের হয়ে চারটি ভিন্ন বিশ্বকাপে (২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার অনন্য কীর্তি গড়েছেন।

আপনার মতামত দিন