ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছাড়ার প্রায় দুই বছর পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও যোগ দেবেন।
ভারতী সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে'র বরাত দিয়ে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনা জনসমক্ষে অনুষ্ঠান এবং গণমাধ্যমের সাক্ষাৎকার এড়িয়ে চলছিলেন। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এ অনুষ্ঠানে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। সেখানে তিনি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং দেশে ফেরার সম্ভাব্য রূপরেখা নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনটি এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের তথ্য অনুযায়ী, প্যানেলে শেখ হাসিনার পাশাপাশি বেশ কয়েকজন পরিচিত মুখ যুক্ত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী এবং ডিরেক্টর শাহ মো. বখতিয়ার। এছাড়া যুক্ত থাকছেন ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ ও নিরাপত্তা বিশ্লেষক আবু ওবায়দা আরিন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের (আইএপিসি) সভাপতি ড. ওয়াইল আওয়াদ।
সূত্র: কালবেলা

আপনার মতামত দিন