ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী ও প্রথম ভারতরত্নপ্রাপ্ত সুরসম্রাজ্ঞী এম এস সুব্বুলক্ষ্মীর বর্ণাঢ্য জীবন এবার বড়পর্দায় আসছে। মর্যাদাপূর্ণ এই বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একাধিক ভারতীয় ভাষায় নির্মিত হতে যাওয়া এই বিগ বাজেটের সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
বুধবার (১৬সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিনেমাটির মহরৎ ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনেমার প্রথম দৃশ্যের শুভ সূচনা করেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসন। এ সময় প্রয়াত শিল্পীর পরিবারের সদস্য, দেশের খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট প্রযোজক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।
নির্মাতা গৌতম তিন্নানুরি প্রায় এক বছর ধরে গভীর গবেষণা ও সুক্ষ্ম পর্যালোচনার মাধ্যমে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন। প্রখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে যৌথভাবে এই প্রজেক্টটি প্রযোজনা করছেন। এ ছাড়া ছবিটির মনোমুগ্ধকর সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি তারকা হওয়ার এই যুগে এম এস সুব্বুলক্ষ্মী সারা জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে অনন্য এক উচ্চতা অর্জন করেছিলেন। তাঁর অমর সঙ্গীতের পাশাপাশি সেই মহীয়সী নারীর আত্মত্যাগময় জীবনও বিশ্ববাসীর সামনে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য।
এদিকে কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ আবেগাপ্লুত হয়ে পড়েন রাশমিকা মান্দানা। নিজের অনুভূতির কথা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার ঐতিহাসিক জীবনের একটি অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার বিশ্বাস, আম্মা নিজেই আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, চরিত্রটির প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।’
আরও পড়ুন: সুইজারল্যান্ডে ছোট বিমান বিধ্বস্ত, তিন আরোহী নিহত
অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করেন অভিনেতা কমল হাসনও। এম এস সুব্বুলক্ষ্মীর সংগীত কীভাবে পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল, তা স্মরণ করে রাশমিকার এই ঐতিহাসিক চরিত্রে অভিনয় নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন তিনি। রসিকতা করে কমল হাসন আরও বলেন, ‘আজকের দিনে রাশমিকা এই চরিত্রটি পাওয়ায় আমার একটুও হিংসা হচ্ছে না। কারণ আমি যদি নিজের দাড়িও কামিয়ে ফেলতাম, তবুও এম এস আম্মার চরিত্রের সঙ্গে শতভাগ সুবিচার করতে পারতাম না।’
জানা গেছে, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম—এই চারটি প্রধান ভাষায় সিনেমাটি নির্মিত ও মুক্তি দেওয়া হবে। খুব শীঘ্রই সিনেমাটির আনুষ্ঠানিক নাম এবং প্রথম ঝলক (টিজার) প্রকাশ করা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
মাতৃভূমি/এসএফ

আপনার মতামত দিন