সৌদি আরবের আল-আহসা গভর্নরেটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন প্রাণ হারিয়েছেন। আল-উকায়ির ও আল-উয়ুন সংযোগ সড়কে দুটি দ্রুতগামী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সৌদি গেজেটের বরাতে এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, একটি প্রাইভেটকারে থাকা একই পরিবারের বাবা, মা, তিন ছেলে এবং দুই মেয়েসহ মোট সাতজনই ঘটনাস্থলে নিহত হন। এছাড়া অপর গাড়িতে থাকা দুই তরুণ আরোহীও ঘটনাস্থলেই প্রাণ হারান। পূর্বাঞ্চলীয় প্রদেশ ট্রাফিক বিভাগ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে চলে আসায় এই ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি গাড়িই সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে।

আপনার মতামত দিন