অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলে অত্যন্ত সুপরিকল্পিত ও অভিনব কায়দায় অন্তত ৮ লাখ মৌমাছি চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তিনটি ভিন্ন ভিন্ন খামার থেকে ৪৪টি মৌচাক কলোনি চুরি হয়ে গেছে, যার আর্থিক মূল্য হাজার হাজার ডলার। ক্ষতিকর পরজীবী ভ্যারোয়া মাইটের আক্রমণের মুখে পড়ে স্থানীয় মৌচাষিরা যখন চরম দিশাহারা, ঠিক সেই মুহূর্তে এই চুরির ঘটনা পুরো খাতটিকে এক গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
স্থানীয় মৌচাষি টম বিডনার জানান, প্রতিটি বাক্সে গড়ে অন্তত ২০ হাজার মৌমাছি থাকে এবং এখনো বহু স্থানে তল্লাশি চালানো বাকি রয়েছে। ফলে খোয়া যাওয়া মৌমাছির সংখ্যা আরও বাড়তে পারে। চোরেরা কোনো সাধারণ অপেশাদার নয়, বরং এই শিল্পের সঙ্গে যুক্ত অত্যন্ত দক্ষ কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খামার থেকে সন্দেহ এড়াতে চোরেরা পুরো মৌবাক্স না নিয়ে শুধু মৌমাছি থাকা অভ্যন্তরীণ ফ্রেমগুলো অত্যন্ত সুকৌশলে সরিয়ে নিজেদের বাক্সে ভরে নেয় এবং খালি বাক্সগুলো আগের জায়গায় রেখে যায়। এমনকি তারা বাক্সে থাকা মধু পর্যন্ত স্পর্শ করেনি।
বর্তমানে অঞ্চলটিতে অ্যাভোকাডো ফলের মৌসুম চলায় পরাগায়ন চুক্তির অধীনে বিভিন্ন বাগানে এসব মৌবাক্স বসানো হয়েছিল। হঠাৎ মৌমাছি হারিয়ে যাওয়ায় চাষিরা পরাগায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি হারানোর পাশাপাশি বাগানমালিকরা ফলন বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছেন। অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক স্বার্থ বা ফায়দা হাসিলের উদ্দেশ্যে কোনো প্রতিপক্ষ খামারিই এই অভিনব কলার চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

আপনার মতামত দিন