পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন ও নির্বাচনকেন্দ্রিক খবর প্রকাশের জেরে দেশটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র ওয়েবসাইট সাময়িক ব্লক বা প্রবেশাধিকার সীমিত করার অভিযোগ উঠেছে। শাহবাজ শরিফ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞার কথা স্বীকার না করলেও, অনেক ব্যবহারকারী আল জাজিরা ইংরেজির ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার কথা জানিয়েছেন।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার প্রতিবেদনের কড়া সমালোচনা করে এক্সে (সাবেক টুইটার) বিবৃতি দিয়েছে। সরকারের দাবি, সংবাদমাধ্যমটি অতিরঞ্জিত ও পক্ষপাতমূলক সাংবাদিকতার মাধ্যমে আজাদ কাশ্মীরের নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করেছে এবং একটি নির্দিষ্ট মহলের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করছে।
এদিকে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) আজাদ কাশ্মীরে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টারনেট পরিষেবা ব্যাহত রাখা এবং সাংবাদিকদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক এই সংস্থাটি অবিলম্বে গণমাধ্যমের ওপর এসব দমন-পীড়নাভিযান বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
সিপিজে আরও জানায়, গত ১ আগস্ট থেকে স্বাধীন সাংবাদিক রাজি তাহির ও তাঁর সহকর্মী মোহাম্মদ সাইফ ইসলামাবাদ থেকে নিখোঁজ রয়েছেন। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা ব্যক্তিরা তাঁদের তুলে নিয়ে যায়। সংস্থাটি নিখোঁজ সাংবাদিকদের সন্ধান এবং তাঁদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি রাজাক্রম নামের আরও এক কাশ্মীরি সাংবাদিককে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আপনার মতামত দিন