হোম / বিশ্ব / রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের র...
বিশ্ব

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পশ্চিমা দেশগুলোর প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:১২ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল 'ইউনাইটেড রাশিয়া'।

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল 'ইউনাইটেড রাশিয়া'। প্রায় সবকটি ভোট গণনা শেষে দেখা গেছে, দলটি ৫৮ শতাংশের বেশি ভোট পেয়ে নিম্নকক্ষ স্টেট দুমার তিন-চতুর্থাংশের বেশি আসন নিজেদের দখলে নিতে যাচ্ছে। দীর্ঘ ২৫ বছর ধরে রুশ রাজনীতিতে আধ বিস্তার করে থাকা দলটির জন্য এটি একটি রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা। ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর দেশটিতে এটিই প্রথম পার্লামেন্ট নির্বাচন।

তিন দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সোমবার প্রকাশিত এই ফলাফলে ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছিল, সেখানকার বাসিন্দাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়। প্রায় ৬০ শতাংশ ভোটার উপস্থিতি এবং ইউনাইটেড রাশিয়ার এই বিশাল জয়কে মস্কো ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে জনসমর্থন হিসেবে উপস্থাপন করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলা পামফিলোভা জানিয়েছেন, দেশটির একমাত্র নিবন্ধিত যুদ্ধবিরোধী দল 'ইয়াবলোকো' জাতীয় পর্যায়ে কোনো আসন লাভ করতে পারেনি। এর আগে গত মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট দলটিকে মূল ব্যালট থেকে বাদ দেওয়ায় তারা কেবল কয়েকটি একক আসনে প্রার্থী দিতে পেরেছিল। তবে পশ্চিমাঞ্চলীয় নভগোরোদ অঞ্চলের আঞ্চলিক পার্লামেন্টে একটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে দলটি। এদিকে ইয়াবলোকো ও কমিউনিস্ট পার্টি অভিযোগ করেছে যে, তাদের অনেক নির্বাচনী পর্যবেক্ষককে ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনে কমিউনিস্ট পার্টি ১৩.৮ শতাংশ ভোট পেয়ে স্টেট দুমায় ৪০টি আসন অর্জন করেছে; অন্যদিকে জাতীয়তাবাদী এলডিপিআর পেয়েছে ২৫টি এবং নিউ পিপল পার্টি পেয়েছে ২০টি আসন।

এবারের নির্বাচনে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থাকে (ওএসসিই) পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানায়নি রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্থাটির বিরুদ্ধে 'দ্বৈত নীতি'র অভিযোগ তুললেও ওএসসিই পার্লামেন্টারি অ্যাসেম্বলির প্রেসিডেন্ট পেরে হুয়ান পন্স একে রাশিয়ার আন্তর্জাতিক প্রতিশ্রুতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন। মস্কোর সাধারণ নাগরিক তাতিয়ানা জানান, এই ফলাফল কারো জন্যই বিস্ময়কর ছিল না। তবে যুদ্ধ বন্ধের দাবি রুশ জনগণের মধ্যে ক্রমান্বয়ে বাড়ছে বলে মন্তব্য করেছেন কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের গবেষক তাতিয়ানা স্তানোভায়া।

অন্যদিকে রাশিয়ার এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেছেন, ক্রেমলিন বিরোধীদের কণ্ঠরোধ করেছে, যুদ্ধবিরোধীদের নির্বাচনের বাইরে রেখেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিষিদ্ধ করেছে। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডাসহ সমমনা বেশ কয়েকটি দেশ যৌথ বিবৃতিতে ইউক্রেনের দখলকৃত অঞ্চলে অনুষ্ঠিত এই নির্বাচনকে অবৈধ ও দখলদারিত্ব টিকিয়ে রাখার অপচেষ্টা বলে নিন্দা জানিয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+