হোম / বিশ্ব / হোয়াইট হাউসের নতুন সরাসরি সম্প্রচার মাধ্যম ‘...
বিশ্ব

হোয়াইট হাউসের নতুন সরাসরি সম্প্রচার মাধ্যম ‘ট্রাম্প টিভি’ চালু

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:২৩ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে সম্পূর্ণ নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে সম্পূর্ণ নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চ্যানেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভাষণ, বিভিন্ন ভিডিও এবং উল্লেখযোগ্য মুহূর্ত ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার করা হবে এবং বিষয়গুলো নিয়মিত হালনাগাদ করা হবে। চালুর দিন চ্যানেলটিতে গত ৩ জুলাই মাউন্ট রাশমোরে ট্রাম্পের দেওয়া একটি ভাষণের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছিল।

গণমাধ্যমের সঙ্গে ট্রাম্প প্রশাসনের তীব্র বিরোধের প্রেক্ষাপটেই এই চ্যানেল চালুর ঘটনা ঘটল। গত শুক্রবার সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা করেন ট্রাম্প। এর প্রতিবাদে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগে ওই তিন সংবাদমাধ্যম প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করে। পাশাপাশি, এর সংহতিতে সোমবার যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রধান টেলিভিশন নেটওয়ার্ক—এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি—হোয়াইট হাউসের যৌথ সংবাদ সংগ্রহ কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নেয়।

সাধারণত হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠান ও প্রেসিডেন্টের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য নির্দিষ্ট সংবাদমাধ্যমকে দায়িত্ব দেওয়া হয়, যা পরবর্তীতে অন্যান্য চ্যানেলও ব্যবহার করে থাকে। নেটওয়ার্কগুলোর যৌথ বিববৃতিতে বলা হয়েছে, সরকারের কার্যক্রম সম্পর্কে সঠিক ও স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে এবং কোনো প্রতিবেদন পছন্দ না হওয়ার অজুহাতে সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করা অনুচিত। তবে ট্রাম্প বরাবরই মূলধারার সংবাদমাধ্যমগুলোকে ‘ক্যানসার’ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে আসছেন।

শনিবার থেকেই নিষিদ্ধ তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বা প্রবেশপত্র বাতিল করা হয়। এর বিরুদ্ধে আদালতে করা আবেদনের ওপর বুধবার শুনানির দিন নির্ধারিত রয়েছে। এদিকে এই সংবাদমাধ্যমগুলোর বর্জনের মধ্যেই সোমবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে একটি নতুন হেলিপ্যাড উদ্বোধন করেন ট্রাম্প। প্রধান নেটওয়ার্কগুলো সংবাদ সংগ্রহ বর্জন করায় অনুষ্ঠানটি তাদের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়নি; হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটে তা দেখানো হলেও শব্দের মান ও সম্প্রচারে বিঘ্ন ঘটে। এমনকি এএফপিসহ কয়েকটি আলোকচিত্র সংবাদমাধ্যমও নিষিদ্ধ মাধ্যমের সঙ্গে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানটির ছবি প্রকাশে বিলম্ব করে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রচারণার অভিযোগ তুললেও দাবি করেছেন যে তাদের সংবাদ প্রকাশের স্বাধীনতা বহাল রয়েছে। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের এই একের পর এক কড়া পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা ও নির্বাহী বিভাগের সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+