জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের কাছাকাছি একটি পরিত্যক্ত কালো স্যুটকেস উদ্ধারের ঘটনায় ম্যানহাটনে ব্যাপক নিরাপত্তা তৎপরতা চালিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) ম্যানহাটনের পূর্ব ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে সন্দেহজনক এই স্যুটকেসটি পাওয়া যায়। এলাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের অত্যন্ত কাছাকাছি অবস্থিত। গুরুত্বপূর্ণ ক্রাইসলার বিল্ডিং সংলগ্ন এই এলাকায় এমন ঘটনা ঘটে যা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
সন্দেহজনক বস্তুটির খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় এনওয়াইপিডির বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ দল (বোমা স্কোয়াড)।
নিউইয়র্ক সিটি প্রশাসনের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারি করে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। পুলিশি তৎপরতার কারণে আশপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে সীমিত রাখা হয় এবং গণপরিবহনে কিছু বিঘ্ন ঘটে।
উদ্ধার হওয়া ওই স্যুটকেসটিতে আসলেই কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনকে কেন্দ্র করে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ম্যানহাটনজুড়েই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। এর মধ্যেই প্রধানমন্ত্রীর হোটেলের কাছাকাছি এই নিরাপত্তার ঘটনা ঘটল।

আপনার মতামত দিন