শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অতিরিক্ত প্রযুক্তি আসক্তি রোধে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন ও ট্যাবলেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মেক্সিকো সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকারি শিক্ষাব্যবস্থার অধীনে আগামী ৩ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর ফলে স্কুল প্রাঙ্গণে অবস্থানকালে শিক্ষার্থীরা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবে না।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি এবং তাদের পারস্পরিক সামাজিক যোগাযোগ বাড়াতে দেশটির সব অঙ্গরাজ্যের শিক্ষা কর্মকর্তারা এই ঐতিহাসিক সিদ্ধান্তে একমত হয়েছেন। শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো এ বিষয়ে বলেন, এই উদ্যোগ শিশুদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনায় তাদের পূর্ণ মনোযোগ ফেরাতে বিশেষভাবে সহায়তা করবে।
তবে উচ্চ বিদ্যালয়গুলোর ক্ষেত্রে কিছুটা শিথিলতা রেখে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সুবিধাজনক সময়ে শিক্ষণীয় উদ্দেশ্যে ডিভাইস ব্যবহারের জন্য পৃথক নীতিমালা তৈরি করতে পারবে।
উল্লেখ্য, বিশ্বজুড়েই শিশুদের ক্রমবর্ধমান প্রযুক্তি আসক্তি ও স্ক্রিন টাইমের নেতিবাচক প্রভাব ঠেকাতে নানা কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার সর্বশেষ অংশ হিসেবে মেক্সিকো এই নিষেধাজ্ঞা দিল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন