হোম / শিক্ষা / প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর, লা...
শিক্ষা

প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র ও সনদ

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৬ পূর্বাহ্ন
১৬৯ বার পঠিত
ফন্ট:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়, যার কপি বুধবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

নিয়োগ ও যোগদানের সময়সীমা:

আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করতে হবে।

আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের যোগদান করতে হবে।

আগামী ৪ অক্টোবর নতুন শিক্ষকদের পদায়নের আদেশ জারি করা হবে। পরবর্তীতে তাদের প্রশিক্ষণের সময়সূচি জানানো হবে।

যাচাই-বাছাই ও শর্তাবলি:
নিয়োগপত্র জারির আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স (সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের ৩০ নভেম্বর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে), জাতীয়তা এবং মূল আবেদনপত্রের তথ্য ভালোভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত স্বাস্থ্যগত উপযুক্ততার প্রত্যয়ন এবং ডোপ টেস্টের নেতিবাচক প্রতিবেদন থাকলে বা পুলিশ ও এনএসআই গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র স্থগিত বা বাতিল করতে বলা হয়েছে। কোনো অসংগতি দেখা গেলে তা ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

যোগদানের সময় যা জমা দিতে হবে:
যোগদানের দিন প্রার্থীদের তিন কপি যোগদানের অনুমতির আবেদন, এক কপি স্ট্যাম্পে অঙ্গীকারনামা, নিয়োগপত্রের এক সেট ফটোকপির পাশাপাশি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অনলাইন আবেদনের কপি, প্রবেশপত্র, নাগরিক সনদ, সিভিল সার্জনের মূল স্বাস্থ্য সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বা পোষ্য সনদ প্রদর্শন করতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

 

 

মাতুভূমি/এসএফ

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+