দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ ও নতুন রুট চালুর পরিকল্পনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এয়ারবাসের সঙ্গেও আলোচনা হতে পারে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে মাহদী আমিন জানান, সফরের দ্বিতীয় দিনে স্বাস্থ্য, কৃষি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গেটস ফাউন্ডেশনের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা এবং বাংলাদেশে টিকা উৎপাদনের সক্ষমতা গড়ার বিষয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ক্রোয়েশিয়া ও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে নিরপেক্ষ ও বন্ধুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত বলে জানানো হয়।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি নদী-খাল খনন, বৃক্ষরোপণ এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন