দীর্ঘদিন পর পুনরায় অভিনয় অঙ্গনে ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম। রূপালী পর্দায় নায়িকা হিসেবে অসংখ্য স্মরণীয় চলচ্চিত্রে অভিনয় করার পর একপর্যায়ে তিনি ছোট পর্দায়ও নিয়মিত অভিনয় শুরু করেছিলেন। তবে মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই গুণী শিল্পী। বিরতি ভেঙে এবার একটি নতুন ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তিনি।
ইউটিউব চ্যানেল ‘নাফ এন্টারটেইনমেন্ট’-এ প্রচারিত তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ নামের এই ধারাবাহিকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুজাতা।
নাটকটি প্রসঙ্গে সুজাতা বলেন, “‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিক নাটকের গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। এতে আমি নিলয়ের দাদীর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। পরিচালক তানভীর তন্ময়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ, তিনি ভীষণ পরিশ্রমী একজন নির্মাতা। সত্যি বলতে, জীবনের একটা দীর্ঘ সময় কাজের ভেতরেই কেটেছে; তাই আমি আবারো অভিনয়ে নিয়মিত হতে চাই।”
শুধু এই ধারাবাহিকটিই নয়, সুজাতা জানান যে সম্প্রতি তিনি সেলিম রেজা ও সুমন মেহেদীর পরিচালনায় আরও দুটি একক নাটকের কাজ সম্পন্ন করেছেন। এ ছাড়া ‘ক্যালেন্ডার’ নামের নতুন একটি চলচ্চিত্রেও কাজ করছেন এই কিংবদন্তি অভিনেত্রী।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন