চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নতুন সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে। নতুন সংশোধিত রুটিন অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর যাত্রা শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র এবং ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান ২য় পত্র, হিসাববিজ্ঞান ২য় পত্র ও যুক্তিবিদ্যা ২য় পত্রের পরীক্ষা।
এরপর ২৯ আগস্ট সকালে ভূগোল ১ম পত্র এবং বিকেলে আরবি ও পালি ১ম পত্র; ৩১ আগস্ট সকালে ভূগোল ২য় পত্র এবং বিকেলে আরবি ও পালি ২য় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
পরবর্তী মাসে অর্থাৎ ২ সেপ্টেম্বর রসায়ন ১ম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, ইতিহাস ১ম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর উল্লিখিত বিষয়গুলোর ২য় পত্রের পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি ১ম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি ২য় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ২য় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এ পর্বের পরীক্ষা শেষ হবে।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগ ও অনিবার্য কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, যদিও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন