জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের মার্কিন সফর সম্পন্ন করে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইর উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে ট্রানজিট শেষে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
সফরের মূল আকর্ষণ ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ। এই প্রথম তিনি বিশ্বমঞ্চে বাংলায় ভাষণ দেন। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের স্পষ্ট অবস্থান ও জাতীয় অগ্রাধিকার তুলে ধরেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বৈশ্বিক মানবতা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সকল উদ্যোগের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, যেকোনো আন্তর্জাতিক সংঘাত নিরসনে যুদ্ধ নয়, বরং সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন