দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ হামবিরোধী টিকাদান ক্যাম্পেইন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও এই সুরক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে। এর আগে গত এপ্রিল থেকে মে মাস পর্যন্ত চলা মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়া শিশুদের জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতও উপস্থিত ছিলেন।
চলতি বছরের মার্চ মাসের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়। এই সময়ে সারা দেশে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, এই প্রাদুর্ভাব মোকাবেলার প্রধান উপায় হলো শতভাগ টিকাদান। ইপিআইয়ের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অনুযায়ী সব শিশুকে টিকার সুরক্ষা দিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। তবে জনস্বাস্থ্যবিদদের মতে, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক ঝুঁকিপূর্ণ শিশুকে শনাক্ত করে দ্রুত সুরক্ষা নিশ্চিত করতে হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন