রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’-এর ব্যানারে এই মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকার ওই ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর থানা এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়ে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন