দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এসব স্থানে সোলার প্যানেল বসিয়ে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতির মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত ওই নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ বিভিন্ন দাপ্তরিক ভবন ও স্থাপনার পাশাপাশি প্রতিটি উপজেলার হাট ও বাজারে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে হবে। এসব ব্যবস্থায় কমপক্ষে দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেডের ছাদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনা করে এই সোলার সিস্টেম স্থাপন করা হবে। এছাড়া হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫-এর বিধি অনুযায়ী হাট-বাজারের ইজারালব্ধ আয়ের নির্দিষ্ট অংশ থেকে (রক্ষণাবেক্ষণ তহবিলের ১০% এবং উপজেলার হাট-বাজার উন্নয়নের ১০%) এই প্রকল্প বাস্তবায়নের অর্থায়ন করা হবে।
সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে, যা প্রকল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করবে।
এদিকে, নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়া যাবে, যা সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব রাজস্ব আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে একদিকে যেমন স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ ও নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটবে, অন্যদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে আরও বেশি লাভবান হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন