সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে এবং অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা এই মন্তব্য করেন।
এর আগে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সম্পর্কে মূল্যায়ন করে মাহদী আমিন বলেন, জাতিসংঘে দেওয়া ঐতিহাসিক ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে সফলভাবে তুলে ধরেছেন। এই সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রীর ওই ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণ সমাজসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সার্বিক কল্যাণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একইসঙ্গে একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত দিন