ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা ‘লালকার্ড’ হাতে নিয়ে সায়েন্সল্যাব মোড়ে সমবেত হন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে যাত্রা শুরু করলেও নতুন এই প্রতিষ্ঠানের শুরুতে ঢাবির কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনো সিদ্ধান্ত বা প্রভাব তারা মানবেন না। এছাড়া পরীক্ষা আটকে থাকা, একাডেমিক মাইগ্রেশনসহ শিক্ষাজীবনের নানা সংকট নিরসনেরও দাবি জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনরায় বহাল করা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দ্রুত স্কুলিং মডেলে রূপান্তর, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে স্পষ্ট একাডেমিক রোডম্যাপ ঘোষণা এবং সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে দ্রুত প্রশাসনিক ভবন চালু করা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, এর আগে গত শনিবার শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দিয়ে তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পরিবর্তনের পরই শিক্ষার্থীরা আন্দোলনে নামলেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন