হোম / রাজনীতি / জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতির চেষ্টা প্রতিহত...
রাজনীতি

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতির চেষ্টা প্রতিহত করা হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
০৪ আগস্ট, ২০২৬ | ০৬:০২ পূর্বাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম শুরু হয়ে থাকলে মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে।"

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত আমির বলেন, "এই আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ ছিল না। দল-মত নির্বিশেষে দেশের নানা শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, তরুণ, শিশু ও সাধারণ মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন। তাঁদের সম্মিলিত আত্মত্যাগের ফলেই বিপ্লব সফল হয়েছে।"

তিনি আরও বলেন, কার কী অবদান ছিল তা যেন আড়াল করা না হয়। ১৯৭১ সালের স্বাধীনতার ৫৫ বছর পরও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি উল্লেখ করে তিনি বলেন, "সেই একই ভুল যেন ২০২৪ সালের জুলাই বিপ্লবের ক্ষেত্রে না হয়। শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের একটি সুনির্দিষ্ট ও নির্ভুল তালিকা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে।"

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, "মেহেরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যাঁদের আত্মত্যাগে আজকের পরিবর্তন এসেছে, তাঁদের রক্ত যেন আর না ঝরে। তাঁদের ওপর যেকোনো আঘাত চরম অকৃতজ্ঞতার পরিচয় দেবে।"

এ ছাড়া থাইল্যান্ডে চিকিৎসাধীন আহতদের প্রসঙ্গ টেনে তাঁদের যাবতীয় চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানান তিনি।

রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে পরিবর্তন এসেছে এবং ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর থেকে এই পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে। আগের দেওয়া অনেক প্রতিশ্রুতি ভুলে গিয়ে নতুন বয়ান তৈরি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের অঙ্গীকার করলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিশেষে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, "দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজন হলে জামায়াতে ইসলামী সব সময় প্রস্তুত। তবে জনগণের মৌলিক অধিকার বিসর্জন দিয়ে কোনো আপস করা হবে না। জেল, জুলুম, আয়নাঘর বা মৃত্যুর ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না।"

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+