ডিমের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট রোধে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অযৌক্তিক মুনাফা বা কারসাজি করে ভোক্তাদের চাপে ফেলার কোনো সুযোগ নেই।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিমের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ডিম ও পোলট্রি খাতের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রতিদিনের আমিষের চাহিদা পূরণে ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্যপণ্য। এর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ওপর সরাসরি আর্থিক চাপ তৈরি হয়। ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার অধিকার থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজার অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সরকার উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের সহনীয় দামে ডিম সরবরাহ করতে বদ্ধপরিকর।
সভায় ব্যবসায়ীরা জানান, ভুট্টা ও সয়াবিনসহ পোলট্রি খাদ্যের কাঁচামালের দাম বাড়ায় বর্তমানে প্রতিটি ডিমের উৎপাদন খরচ প্রায় ১১ টাকায় দাঁড়িয়েছে। তবে খাতের বিভিন্ন সমস্যার সমাধান সাপেক্ষে আগামী দুই সপ্তাহের মধ্যে ডিমের বাজার স্বাভাবিক ও দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তারা। পাশাপাশি, ডিম সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা এবং পোলট্রি খাদ্যের উপকরণের দাম নিয়ন্ত্রণেরও প্রস্তাব দেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো উৎপাদক যেন তাদের পণ্যের সঠিক মূল্য পান, ব্যবসায়ীরা যেন যৌক্তিক লাভ করতে পারেন এবং সাধারণ ভোক্তারাও যেন স্বস্তিদায়ক দামে ডিম কিনতে পারেন। বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করলে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন