হোম / জাতীয় / দুই হাজার টাকা ছাড়াল ১২ কেজি সিলিন্ডারের দাম
জাতীয়
এলপিজির বাজারে চরম সংকট:

দুই হাজার টাকা ছাড়াল ১২ কেজি সিলিন্ডারের দাম

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৩৭ পূর্বাহ্ন
৯৪ বার পঠিত
ফন্ট:
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এই সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে, ফলে খুচরা বাজারে রান্নার গ্যাসের দাম দুই হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বিইআরসি নির্ধারিত দামে ১২ কেজির প্রতি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে ভোক্তাদের তা কিনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। এতে সাধারণ গ্রাহকেরা বাড়তি খরচের চরম চাপে পড়েছেন। বিইআরসি ও আমদানিকারক সূত্রে জানা যায়, গত আগস্টে ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হলেও চলতি সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টনে।

ব্যবসায়ীদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে লোহিত সাগর ও হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহনে জটিলতা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জাহাজের সংকট ও পরিবহন ব্যয় বেড়ে গেছে। বাংলাদেশের এলপিজির মূল উৎস মধ্যপ্রাচ্য হওয়ায় এই পরিস্থিতির সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দেশীয় বাজারে। আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে কার্গো প্রিমিয়াম টনপ্রতি ১৬০ ডলার থেকে বেড়ে ২৬০ থেকে ৪০০ ডলারে পৌঁছালেও বিইআরসির মাসিক মূল্য নির্ধারণে তা পুরোপুরি সমন্বয় করা হচ্ছে না। লোকসান এড়াতে কিছু প্রতিষ্ঠান আমদানি সীমিত করতে বাধ্য হয়েছে।

দেশে বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে, যার প্রায় ৮০ শতাংশই গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত হয় এবং এর ৯৯ শতাংশই সরবরাহ করে বেসরকারি খাত।

এদিকে সেপ্টেম্বর মাসে সরবরাহ ঘাটতির কারণ হিসেবে কিছু প্রতিষ্ঠানের জাহাজ সময়মতো না পৌঁছানোর বিষয়টি উল্লেখ করেছেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, দ্রুত আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে এই সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। তবে বৈশ্বিক নৌপথের জটিলতা ও কার্গো সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে সামনের দিনেও এই সংকট অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+