রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে স্বাস্থ্যকেন্দ্রটি পুনঃপ্রতিষ্ঠা ও এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যকেন্দ্রটি ঘুরে দেখার পর জামায়াত আমির বলেন, "আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।" প্রয়োজন সাপেক্ষে এলাকাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও বড় পরিসরে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এ সময় স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের অপকর্ম করার সাহস কেউ পায় না। অপরাধী যেই হোক, তাকে কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশজুড়ে চলমান 'মব সন্ত্রাস' রোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে দলটির কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম পুনরায় চালু করার ওপর জোর দেন।

আপনার মতামত দিন