বাংলাদেশের সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ড টেবিল’ বৈঠক অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক ওই আলোচনায় এই বিনিয়োগের সম্ভাবনার কথা উঠে আসে।
বৈঠকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে মার্কিন কোম্পানিগুলোর এই আগ্রহ দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনার পাশাপাশি তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবে।
গোলটেবিল বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্বের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কারম্যাক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা শামীম মোহাম্মদের সঞ্চালনায় এতে মার্কিন প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় নির্বাহীরা অংশ নেন।
আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন