থানায় না গিয়ে এখন ঘরে বসেই খুব সহজে ও দ্রুত পুলিশি সেবা পাচ্ছেন সাধারণ নাগরিকরা। ‘অনলাইন জিডি’ ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় অভিযোগ দাখিল, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল যোগাযোগ এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে। ফলে সময়, যাতায়াত খরচ ও নানা ধরনের হয়রানি থেকে মুক্তি মিলছে সাধারণ মানুষের।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন ইউনিটে চালুর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায় এই সেবা সম্প্রসারিত হয়। এর মাধ্যমে বর্তমানে দেশের সবকটি থানায় অনলাইন জিডির পূর্ণাঙ্গ আওতা নিশ্চিত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জিডি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় সরাসরি পুলিশের কাছে অভিযোগ পাঠাতে পারছেন। হারানো বা প্রাপ্তি সংক্রান্ত নানা বিষয় এতে সহজেই দাখিল করা যায়।
এ বিষয়ে এডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান বলেন, ‘অনলাইন জিডির মাধ্যমে সময় ও যাতায়াত উভয় সাশ্রয় হচ্ছে এবং জনগণের দোরগোড়ায় আধুনিক পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, মানুষের কর্মব্যস্ততা ও যাতায়াত ভোগান্তি কমাতে বাসা বা সুবিধাজনক স্থান থেকে এ সেবা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
যেভাবে মিলবে অনলাইন জিডি সেবা:
অনলাইনে জিডি করতে সেবাগ্রহীতার জাতীয় পরিচয়পত্র নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং লাইভ ছবির প্রয়োজন হয়। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে প্রথমে নিবন্ধন করতে হবে। ওটিপি (OTP) দিয়ে পরিচয় নিশ্চিত করার পর অ্যাপে প্রবেশ করে অভিযোগের ধরন, জেলা ও সংশ্লিষ্ট থানা নির্বাচন করতে হবে। এরপর ঘটনার বিস্তারিত বিবরণ ও প্রয়োজনে ছবি বা ডকুমেন্টের স্ক্যান কপি যুক্ত করে আবেদন জমা দেওয়া যাবে। আবেদন জমা দেওয়ার পর নিজ অ্যাকাউন্ট থেকেই জিডির সর্বশেষ অবস্থা ট্র্যাক এবং ডিজিটাল কপি ডাউনলোড করা সম্ভব।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন