হোম / আইন-আদালত / ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ও সরাসরি বৈশ্বিক বাজা...
আইন-আদালত

ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ও সরাসরি বৈশ্বিক বাজারে বিক্রির দাবিতে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট
২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:১২ পূর্বাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা এবং আন্তর্জাতিক বাজারে পুনঃরপ্তানির বাণিজ্যিক শোষণ বন্ধে ভারতে ইলিশ রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিরোধমূলক আইনি নোটিশ পাঠানো হয়েছে।

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা এবং আন্তর্জাতিক বাজারে পুনঃরপ্তানির বাণিজ্যিক শোষণ বন্ধে ভারতে ইলিশ রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিরোধমূলক আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ নোটিশ প্রেরণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় মাছ ও জিআই (GI) পণ্য হওয়া সত্ত্বেও দেশের বাজারে বর্তমানে এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা ছুঁয়েছে। আকাশচুম্বী এই দামের কারণে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা ইলিশ কেনার সামর্থ্য হারাচ্ছেন।

এতে আরও অভিযোগ করা হয়, বিগত বছরগুলোতে স্থানীয় বাজারের সংকটকে পাশ কাটিয়ে ভারতে অত্যন্ত কম মূল্যে (মাত্র ১০ মার্কিন ডলারে) ইলিশ রপ্তানি করা হয়েছে। ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশ থেকে নামমাত্র মূল্যে ইলিশ কিনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে তা প্রতি কেজি ৪০ থেকে ৫০ ডলারে পুনঃরপ্তানি করছে। মধ্যস্বত্বভোগী ভারতীয় ব্যবসায়ীদের এই অনৈতিক বাণিজ্যের ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।

সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষার তাগিদ দিয়ে নোটিশে বলা হয়েছে, সরকার এখনো ভারতে ইলিশ রপ্তানির চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত না নিলেও সাধারণ ভোক্তার স্বার্থ বিসর্জন দিয়ে যাতে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, সেজন্য এই প্রতিরোধমূলক নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রের বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ন্যায্যমূল্যে উদ্বৃত্ত ইলিশ রপ্তানির স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সব প্রশাসনিক উদ্যোগ বন্ধ করা, স্থানীয় বাজারে সরবরাহ বাড়িয়ে দাম সাধারণ মানুষের নাগালে আনা এবং সরাসরি বৈশ্বিক বাজারে রপ্তানির নীতিমালা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা না হলে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+