বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আগে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা গিয়েছিল।
রোববার (১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ। তিনি জানান, শনিবার রাতে তরুণী দিশাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে এই মামলার অন্যতম আসামি ও তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
এর আগে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ। পরবর্তীতে তারা টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান, সেখান থেকে তাহসিফ আর ফিরে আসেননি। জিজ্ঞাসাবাদে দীপের দেওয়া তথ্যে একাধিক অসংগতি লক্ষ্য করেছেন তদন্তকারীরা।
গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার নিজ বাসা থেকে নিখোঁজ হন ২৮ বছর বয়সী তাহসিফ। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড থেকে দীপকে আটক করে পিবিআই। পরে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন