রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এই দীর্ঘ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সমাপ্ত হয়।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।
ডিবি সূত্র জানায়, ওই বাড়িতে নিয়মিত ডিজে পার্টির নামে মাদকের আসর বসত। সোমবার রাত ১২টার দিকে ডিবি উত্তরের গোয়েন্দা সদস্যরা বাড়িটিতে অভিযান শুরু করেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত চলা এই অভিযানে ডিবির প্রধান শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ২৬ জন নারী রয়েছেন। এ সময় বাসাটি থেকে পাঁচ বোতল বিদেশি মদ এবং বিপুল পরিমাণ সিনথেটিক মাদক উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, “ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে সেখানে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল এবং এসব পার্টির প্রচারণার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেখানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।”
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভাটারা এলাকার ওই বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত আছেন। এদিকে নিজের বাড়িতে মাদকের কারবারের অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে তাঁর বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন