মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
দণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়াসহ তিনটি করে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল।
প্রথম অভিযোগে মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড ও অন্য দুই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, প্রথম অভিযোগে অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি দুই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
২০২৫ সালের ২ নভেম্বর এই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ ও দুই দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন