ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বহুল আলোচিত সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার (পলায়ন) অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে জানানো হয়, হারুন অর রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই দায়িত্বে অবহেলা ও কর্মস্থল ত্যাগের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরবর্তীতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জবাব দেননি। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে ‘পলায়ন’ (Desertion)-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
এরই প্রেক্ষিতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হারুন অর রশীদ ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছিল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন