হোম / জাতীয় / সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
জাতীয়
নিউগিনি প্রপার্টিজে হামলা ও লুটপাট:

সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:২৭ পূর্বাহ্ন
৪৮ বার পঠিত
ফন্ট:
রাজধানীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি গুলশান বিভাগের একটি দল বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গত ২৬ সেপ্টেম্বর রাতে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলাটির ৪ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন ৬৬ বছর বয়সী গোলাম মহিউদ্দিন চৌধুরী।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত শনিবার রাতে প্রায় ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় জোরপূর্বক প্রবেশ করে এবং ত্রাস সৃষ্টি করতে গুলি ছোড়ে। হামলায় প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও বিভিন্ন পেশাদার মিডিয়া সরঞ্জামসহ কোটি টাকার ওপরে মালামাল লুট করা হয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের অভিযোগ, এই হামলা ও লুটপাটে তাদের প্রায় পৌনে তিন কোটি টাকার ক্ষতি ও মালামাল চুরি হয়েছে।

খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। পরে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা (নম্বর-১৪, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬) দায়ের করেন। এর আগে গত সোমবার এ মামলার এজাহারনামীয় আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছিল ডিবি। এই মামলার অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+