দেশে ডেঙ্গু বা অন্যান্য রোগের পাশাপাশি বর্তমানে হামের সংক্রমণও উদ্বেগজনক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৯ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ জনে। এর মধ্যে সরাসরি নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫২০ জনে।
গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৬৯ হাজার ৮০০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬২ হাজার ৮৭৩ জন। চিকিৎসকরা বলছেন, এই পরিস্থিতিতে সচেতনতা বাড়ানো এবং দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন