জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
বরখাস্তের বিষয়ে অধ্যাপক জিনাত হুদা দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের একটিও প্রমাণ করা যায়নি। তাঁর মতে, শিক্ষক সমিতির নিয়ন্ত্রণ নেওয়া এবং তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়াই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল।
উল্লেখ্য, অধ্যাপক জিনাত হুদা আওয়ামী লীগপন্থী নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রোকেয়া হলের প্রাধ্যক্ষ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং সিনেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। চব্বিশের আন্দোলনের পর তাঁকে বিভাগীয় চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের মার্চে তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন