আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি চিঠি সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশের তত্ত্বাবধানে পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের সমন্বয়ে এই বিশেষ টিম গঠন করা হবে। কিউআরটি সদস্যরা নিয়মিতভাবে মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান এবং মহড়ার আয়োজন করবেন, যা জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের যৌথভাবে দ্রুত কাজ করার সক্ষমতা বাড়াবে।
পাশাপাশি এসব অভিযান ও মহড়ার পরিসংখ্যান এবং উদ্ধার ও আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে। জেলা পর্যায়ে পুলিশের বিভিন্ন ইউনিটকে এক কাঠামোর অধীনে এনে জরুরি মুহূর্তে দ্রুত মাঠে নামানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন