রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর আয়োজনে এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক সহযোগিতা, অর্থনীতি, বাণিজ্য ও সমুদ্রভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় নতুন সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতির ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, উৎপাদন ও রপ্তানি খাত চাঙ্গা করা এবং তরুণ সমাজের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রসারণের ওপর জোর দেন তিনি।
সামাজিক সুরক্ষার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং পর্যায়ক্রমে ইউনিভার্সেল কার্ড চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মানসম্মত ও কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রসার এবং বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের পরিকল্পনার কথা জানান। দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে কৃষির আধুনিকায়ন, পানি নিরাপত্তা নিশ্চিতকরণে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাসী। এ ছাড়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন কামনা করেন তিনি।
‘বিভাজন, সীমান্ত ও ভবিষ্যৎ: পরিবর্তিত বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্যের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন