দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে দীর্ঘদিনের অনাস্থা ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্বের ফসল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সম্প্রতি একটি টকশোতে রাজনীতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলগুলো তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলনে সোচ্চার, আর সরকারও নিজস্ব কর্মসূচি বাস্তবায়নে অনমনীয়। তবে গণতন্ত্রের সুরক্ষায় উভয় পক্ষেরই আলোচনার টেবিলে বসা জরুরি। সহিংসতা বা সংঘাত কখনো স্থায়ী সমাধান আনে না উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর সঙ্গে তাঁর অতীত সম্পৃক্ততা ও রাজনৈতিক রূপান্তর নিয়েও কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মাদ্রাসায় পড়ার সময়ে রাজনৈতিক বিকল্প না থাকায় তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে পরবর্তীতে দর্শন ও আদর্শগত পরিবর্তনের কারণে তিনি সেই পথ ছেড়ে এনসিপির রাজনীতি গ্রহণ করেন।
বিএনপির সঙ্গে সমঝোতার চেষ্টা প্রসঙ্গে এনসিপির এই নেতা জানান, তাঁদের প্রথম পছন্দ ছিল বিএনপির সঙ্গে সংস্কারভিত্তিক সমঝোতায় পৌঁছানো। কিন্তু বিএনপি সংস্কার প্রস্তাবে সম্মত না হওয়ায়, যাঁরা সংস্কারের দর্শনে একমত হয়েছেন তাঁদের নিয়েই এনসিপি রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছে।
এ ছাড়া জামায়াতে ইসলামীর এক নেতার ‘নৈতিক স্খলন’ বা 'মোরাল টার্পিচিউড' সংক্রান্ত অভিযোগ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে জবাবদিহির দায় জামায়াতের। তবে নীতিগতভাবে দলমত নির্বিশেষে নৈতিক স্খলনে অভিযুক্তদের সরিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনা উচিত। কোনো রাজনৈতিক দর্শন কাগজে-কলমে যত সুন্দরই হোক, বাস্তবে সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে না পারলে তা পূর্ণতা পায় না বলে তিনি মত দেন।

আপনার মতামত দিন