দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে ও বাল্যবিয়ে কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে এই ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হবে। বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্যভান্ডার পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। ফলে কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে একজন ব্যক্তির পূর্বের সমস্ত তথ্য সহজেই যাচাই করা সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন, তথ্য গোপন করে অন্যত্র বিয়ে করা বা আইনি প্রক্রিয়া এড়িয়ে বহুবিবাহ করার প্রবণতা অনলাইনে আগের তথ্য থাকার কারণে রোখা যাবে। এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা সন্তানদের উত্তরাধিকার সংক্রান্ত আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা এ ক্ষেত্রে অনেকাংশে কমে আসবে। অনুষ্ঠানে ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন প্রক্রিয়া চালুর কথাও জানান আইনমন্ত্রী।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন