হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে আখতারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধ করা এই দেশে তাঁর হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়েছে। পরে প্রিজন ভ্যান থেকে নামার সময় তিনি হেলমেট ছুড়ে ফেলে নিজেকে আওয়ামী লীগ নন বলে দাবি করেন এবং মামলাটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জানান।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট, জমজমের পানি নিয়ে বিশৃঙ্খলা এবং নিরাপত্তা কর্মকর্তাদের গালিগালাজ ও মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। সেই মামলায় গত শুক্রবার বিকেলে ডিবি তাঁকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, একসময়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আখতারুজ্জামান সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন