আবহাওয়ার পরিবর্তনের ফলে দেশজুড়ে হু হু করে বাড়ছে জ্বর, সর্দি ও ডায়েরিয়াসহ বিভিন্ন ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা ইনফ্লুয়েঞ্জা, চিকনগুনিয়া, সিজনাল কোভিড এবং রাইনো ভাইরাসের কবলে পড়ছে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া বা জটিলতার কারণে শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসাও নিতে হচ্ছে।
রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন অন্তত ৫০০ রোগী আসছে। তীব্র জ্বর, সর্দি-কাশি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে আসা এসব রোগীর কারণে হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। এমনকি একই পরিবারের একাধিক সদস্য একযোগে আক্রান্ত হচ্ছেন।
ভাইরোলজিস্টদের মতে, তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি ও তাপমাত্রার এই ওঠানামার কারণে বিভিন্ন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এসব ভাইরাসে বড় ধরনের ক্ষতি সচরাচর না হলেও, সঠিক সময়ে চিকিৎসা না করালে ফুসফুসে সংক্রমণ হতে পারে। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে হাম ও ডেঙ্গুর পাশাপাশি টাইফয়েড এবং নিউমোনিয়ার জটিলতা রোগীদের দীর্ঘ সময় ভোগাচ্ছে।
এই পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞদের পক্ষ থেকে অতিরিক্ত জনসমাগম এড়িয়ে চলা এবং যেকোনো অস্বাভাবিক উপসর্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন