সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নত বিশ্বের জন্য সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা যতটা সহজ, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য তা বেশ চ্যালেঞ্জিং। তবুও সর্বজনীন বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি টেকসই নগরায়ণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা সময়ের দাবি। শহরাঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে সরকার বিভিন্ন কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের সঙ্গে দেশের যোগাযোগব্যবস্থাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি করে শহরমুখী মানুষের চাপ কমানোর একটি টেকসই বিকল্প তৈরি করা সম্ভব। শহরের বাইরে দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে রাজধানী ঢাকার আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়। সভা শুরুর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন