মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিনজন মারা গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। চলতি বছরে এখন পর্যন্ত মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৪৮ শতাংশ পুরুষ এবং ৫২ শতাংশ নারী।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। এর ফলে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৮৮ জন, যার ফলে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮২ হাজার ৩৩৫ জনে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০১ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, বরিশাল বিভাগে ২১৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন এবং রংপুর বিভাগে ৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৩ জন রোগী ভর্তি হয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন