বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত ই-মেইলের মাধ্যমে ‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই ক্যাম্পাসের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামক একটি আইডি থেকে পাঠানো ই-মেইলে ৬ অক্টোবর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সন্দেহজনক গতিবিধি তল্লাশি করা হচ্ছে। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানানো হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং প্রাথমিক তদন্তে এটি গুরুতর কোনো হুমকি বলে মনে হচ্ছে না। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ডিবি সাইবার টিম বিষয়টি তদন্ত করছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন