ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার গুরুতর অভিযোগ ওঠার পর শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ সেশন) ক্লাসে এই অনভিপ্রেত ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে তাত্ক্ষণিকভাবে জরুরি একাডেমিক কমিটির সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি সভা ডেকে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো পুনর্বণ্টন করা হয়েছে এবং তার ক্লাস নেওয়া স্থগিত করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিভাগীয় কমিটির এখতিয়ার কেবল ক্লাস থেকে অব্যাহতি দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ। তাই পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হচ্ছে এবং নিয়ম অনুযায়ী উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন