দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন রোগী।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গু কেড়ে নিয়েছে ৪৯ জনের প্রাণ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৭৯০ জন)। এছাড়া খুলনায় ২৯২ জন, চট্টগ্রামে ২৮০ জন, রাজশাহীতে ২০৬ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে। এর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ২০৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন সুস্থ রোগী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশা নিধনের পাশাপাশি চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন